SIR Hearing Violence

এসআইআর শুনানির মাঝেই রামভদ্রপুরে বিজেপি বিএলএ-২ পরিমল সর্দারকে মারধর, অভিযোগ তৃণমূল বিধায়কের ভাইয়ের বিরুদ্ধে

এসআইআর শুনানির মধ্যেই মন্দিরবাজারে উত্তেজনা। বিজেপির বিএলএ-২ পরিমল সর্দারকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার ভাইয়ের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি, ঘটনায় শুরু রাজনৈতিক তরজা ও তদন্ত।

আহত বিএলএ
নিজস্ব সংবাদদাতা, মন্দিরবাজার
  • শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৪

এসআইআর-এর শুনানি চলাকালীন শনিবার রাতে মন্দিরবাজার বিধানসভার রামভদ্রপুরের ৩২ নম্বর বুথে উত্তেজনা ছড়াল। বিজেপির বিএলএ-২ পরিমল সর্দারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের ভাই বাসুদেব হালদার ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় পরিমল সর্দারকে প্রথমে স্থানীয় নাইয়ারাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হামলা ঠেকাতে গিয়ে তাঁর স্ত্রী ও আরও কয়েক জন বিজেপি কর্মীও জখম হয়েছেন বলেও অভিযোগ।

এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পরিমল সর্দার ও তাঁর পরিবার মন্দির বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব প্রতিবাদে সরব হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বাসুদেব হালদার। তাঁর দাবি, বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যে অভিযোগ তুলে তাঁকে ও তাঁর দাদাকে বদনাম করার চেষ্টা করছে।

হাসপাতালের শয্যা থেকে পরিমল সর্দারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকেই ভুয়ো ও মৃত ভোটারদের নাম রাখার চেষ্টা হচ্ছিল এবং তিনি সেটির প্রতিবাদ করায় লাগাতার হুমকি পাচ্ছিলেন। তাঁর দাবি, শনিবার রাতে বাড়ির কাছে কয়েক জন বিজেপি কর্মীর সঙ্গে দলীয় কাজকর্ম করার সময় বাসুদেব হালদার প্রায় ২৫ জন দুষ্কৃতীকে নিয়ে আচমকা হামলা চালান। এতে তাঁর ডান পা গুরুতরভাবে জখম হয়। বাধা দিতে এগিয়ে এলে সঙ্গে থাকা তিনজন বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার নেতা অশোক পুরকাইত বলেন, 'আমরা পুলিশ এবং নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছি। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামব।' এ বিষয়ে মন্দির বাজারের বিধায়ক তথা তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share