Murder Case

পুকুরের মালিকানা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ, ধারালো অস্ত্রের কোপে ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ মিলছে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ০২:৩৬

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে পুকুরের দখলদারি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে খুনের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার গভীর রাতে বহড়ু এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দুধকুমার বৈদ্য (৪২)। অভিযুক্তের নাম নিমাই বৈদ্য। সম্পর্কে সে দুধকুমারের খুড়তুতো ভাই। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছেন। জয়নগর থানার পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রের দাবি, একটি পুকুরের মালিকানা এবং সেটি ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই দুধকুমার ও নিমাইয়ের মধ্যে বিরোধ চলছিল। গত রবিবার ওই পুকুরে মাছ ধরা নিয়ে দুই পরিবারের মধ্যে নতুন করে বিবাদ বাধে। সেই ঘটনার জেরেই এই খুনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কাজ সেরে দুধকুমার সাইকেলে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তা ফাঁকা ছিল। অভিযোগ, তখনই নিমাই তাঁর পথ আটকে দাঁড়ান। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু হয়েছে।

খুনের ঘটনার পর থেকে অভিযুক্ত ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ মিলছে না। বুধবার সকালে নিহতের বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। তাঁরা অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুলিশের অনুমান, জমি ও পুকুর সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।


Share