Road Accident

বেপরোয়া বাসের ধাক্কায় পুলিশের প্যাট্রোলিং ভ্যান দুর্ঘটনা, মৃত্যু হোমগার্ডের

দুর্গাপুর দিক থেকে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ০১:০২

বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের প্যাট্রোলিং ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় এক হোমগার্ডের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বর্ধমানের নবাবহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে । ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর হঠাৎই পুলিশের প্যাট্রোলিং ভ্যানে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় ভ্যানে থাকা এক এএসআই, এক হোমগার্ড এবং ভ্যানের চালক গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা হোমগার্ড ত্রিদিব দে (৩৫)-কে মৃত ঘোষণা করেন। আহত এএসআই ও ভ্যানচালককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পরেই পুলিশ বাসটিকে আটক করে। বাসে থাকা অল্প সংখ্যক যাত্রী ছিল। তাঁরা অক্ষত রয়েছেন বলে জানানো হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। বাসচালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, বা ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনা ঘটেছে কি না, সেই দিকগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়াও দুর্ঘটনার সময় বাসটির গতিবেগ কত ছিল, তা জানতে জাতীয় সড়কের সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা খতিয়ে দেখবেন। গোটা ঘটনার তদন্ত চলছে।


Share