Fire Incident

বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ে মাছবোঝাই ট্রাকে ভয়াবহ আগুন, চাঞ্চল্য এলাকায়

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন।

ট্রাকের আগুন নেভাতে তৎপর দমকলবাহিনী।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৯:০৩

মাছবোঝাই একটি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। হুগলির বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ে ঘটনাটি ঘটেছে। বুধবার ট্রাকটি দাউ দাউ করে জ্বলতে শুরু করলে মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়।

জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে মাছ বোঝাই করে ট্রাকটি অসমের উদ্দেশে রওনা দিয়েছিল। ডানকুনি থেকে দিল্লি রোড ধরে যাওয়ার সময় বৈদ্যবাটির দীর্ঘাঙ্গী মোড়ের কাছে হঠাৎই ট্রাকটিতে আগুন লাগে। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত ট্রাক থামিয়ে নেমে পড়েন।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ট্রাকের টায়ার ফাটতে শুরু করায় আতঙ্কে তাঁরা সরে যান। ট্রাকটিতে থার্মোকলের বাক্সে তুষ ও বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা ছিল। পাশাপাশি পুরো ট্রাকটি প্লাস্টিক দিয়ে ঢাকা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ট্রাকটিকে গ্রাস করে।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর নেই। তবে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।


Share