Holi Clash Chaos

ছাদে প্রস্রাব ঘিরে বচসা, প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে মারধর! বেলঘরিয়ায় আহত কলকাতা পুলিশের এএসআই

মঙ্গলবার দুপুরে আবাসনের ছাদে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। ওই আবাসনের পাশেই থাকেন কলকাতা পুলিশের এএসআই পার্থ দে। ডিউটি থেকে ফিরে তিনিও ছাদে দোল খেলতে যান। অভিযোগ, পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাদের এক কোণে তিনি প্রস্রাব করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বেলঘরিয়া
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৯:০০

ফ্ল্যাটের ছাদে দোল খেলার পর প্রস্রাব করা নিয়ে বচসার জেরে প্রতিবেশীর ফ্ল্যাটে ঢুকে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায়। ঘটনায় আহত হয়েছেন কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং এক মহিলা।

জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া নিউ বাসুদেবপুর রোডের একটি বহুতল আবাসনে মোট ১২টি পরিবার বসবাস করে। মঙ্গলবার দুপুরে আবাসনের ছাদে দোল উৎসবের আয়োজন করা হয়েছিল। ওই আবাসনের পাশেই থাকেন কলকাতা পুলিশের এএসআই পার্থ দে। ডিউটি থেকে ফিরে তিনিও ছাদে দোল খেলতে যান। অভিযোগ, পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাদের এক কোণে তিনি প্রস্রাব করেন।

এ সময় পাশের একটি বহুতলের ছাদেও দোল উৎসব চলছিল। অভিযোগ, সেখানে থাকা কয়েকজন মদ্যপ যুবক ছাদে প্রস্রাব করা নিয়ে আপত্তি জানালে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এরপর অভিযুক্তরা পার্থদের আবাসনে ঢুকে পড়ে বলে অভিযোগ। মদ্যপ অবস্থায় তারা এক মহিলাকে মারধর করে এবং পার্থ দে-সহ আরও কয়েকজনকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

আহত পার্থ দে ও আবাসনের অন্য সদস্যরা চিকিৎসার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান। অভিযোগ, তারা হাসপাতালে যাওয়ার পর অভিযুক্তরা আবার ফ্ল্যাটে এসে গালিগালাজ করে এবং মহিলাদের রাতের বেলা দেখে নেওয়ার হুমকি দেয়।

পার্থ দে জানান, ‘ছাদে আমাদের প্রস্রাব করার ব্যবস্থা রয়েছে। পাশের ফ্ল্যাটের ছাদে থাকা কয়েকজন মদ্যপ যুবক আচমকাই আমার প্রস্রাব করা নিয়ে হইচই শুরু করে। এর পর আমাদের ফ্ল্যাটে এসে মহিলাদের মারধর করে। এই ধরনের গুন্ডামি আগে কখনও দেখিনি।’ এই ঘটনায় বেলঘরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, রহড়া থানার পাতুলিয়া গভর্নমেন্ট কলোনিতেও পৃথক একটি মারধরের ঘটনা ঘটেছে। সেখানকার বাসিন্দা সঞ্জীব দত্ত মঙ্গলবার দুপুরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে এক ব্যক্তি তাঁকে হোলির শুভেচ্ছা জানান। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া আরেক দল লোককেও তিনি শুভেচ্ছা জানালে তাদের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, ওই দলভুক্ত কয়েকজন সঞ্জীবের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং বেধড়ক মারধর করে। গুরুতর জখম হয়ে তিনি রাস্তায় অচৈতন্য অবস্থায় পড়ে যান। রহড়া থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share