Brain stroke of BLO

ব্রেন স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি বিএলও, এসআইআর-এর কাজের চাপ, দাবি তৃণমূলের

এসআইআর কাজের মানসিক চাপেই অসুস্থতা, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএলও মাহবুব রহমান মোল্লা। পরিবারের অভিযোগ, অতিরিক্ত চাপেই ভেঙে পড়েছেন তিনি।

বিএলও মাহবুব রহমান মোল্লা
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি
  • শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১১:২০

রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন-এর কাজ প্রায় শেষের মুখে। এনিউমারেশন ফর্ম বিলির পর্ব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে শুনানির প্রক্রিয়া। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। কোথাও এসআইআর ঘিরে আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, কোথাও আবার গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে এসেছে। এ বার তেমনই একটি ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক বিএলও। স্থানীয় তৃণমূল এবং পরিবারের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজের অতিরিক্ত মানসিক চাপের জেরেই তাঁর এই শারীরিক বিপর্যয়।

সূত্রের খবর, মথুরাপুর–২ ব্লকের ১১০ নম্বর বুথের বিএলও মাহবুব রহমান মোল্লা (৫২)। তিনি স্থানীয় গৌরীপুর এলাকার একটি স্কুলের শিক্ষক। কমিশনের নির্দেশ মেনে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম বিলির কাজ সম্পন্ন করেছিলেন তিনি। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর শুনানির পর্ব শুরু হলে তাঁর বুথের একাধিক ভোটারের কাছে কমিশনের তরফে নোটিস পাঠানো হয়। পরিবার সূত্রে দাবি, এই বিষয়টি নিয়েই প্রবল মানসিক চাপে ভুগছিলেন মাহবুব।

শনিবার পরিবারের সদস্যদের জানান, তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। দ্রুত তাঁকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ব্রেন স্ট্রোকের কথা জানান। পরে পরিবারের সদস্যরা তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

পরিবারের অভিযোগ, গত কয়েক দিন ধরেই এসআইআর-এর কাজ সংক্রান্ত মানসিক চাপে ছিলেন মাহবুব রহমান মোল্লা। সেই চাপই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে। তবে মানসিক চাপের ভুগছিলেন মেহেবুব, সেই কথা পরিবারকে জানিয়েছিলেন কি না তা স্পষ্ট করেনি পরিবারের সদস্যেরা।


Share