Fire Incident

দক্ষিণ ২৪ পরগনায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪০ ঝুপড়ি, বন্ধ বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন

শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান, দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার বস্তিতে আগুন
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৩:৪২

শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনায়। আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় প্রায় ৪০টি ঝুপড়ি। দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার আক্রা-সন্তোষপুর এলাকার ১৬ বিঘা বস্তিতে ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে বজবজ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলকে খবর দেওয়া হয়। প্রথমে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছোয়। আরও ইঞ্জিন মোতায়েন করা হয়। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় প্রথমদিকে সেখানে প্রবেশ করতে দমকলকর্মীদের সমস্যায় পড়তে হয়।

আগুনের খবর পেয়ে পূর্ব রেলের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাজি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানোর আশঙ্কায় বস্তির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই শিশুদের নিয়ে রেললাইনের উপর আশ্রয় নেন। কান্নায় ভেঙে পড়েন একাধিক পরিবার। ঘটনাস্থলটি মহেশতলা বিধানসভার অন্তর্গত। আগুনের খবর পেয়ে তৃণমূল প্রার্থী শুভাশিস দাস এলাকায় পৌঁছোন। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share