Drown at Water

মালদহে গঙ্গায় তলিয়ে গেল তিন নাবালিকা, তল্লাশিতে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী, শোকের ছায়া এলাকায়

সেই সময় পরিবারের সদস্যদের অলক্ষ্যে তিন নাবালিকা একসঙ্গে গঙ্গায় স্নান করতে যায়। কিছুক্ষণ পরেই তারা জলে তলিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে।

জলে তলিয়ে গেল তিন নাবালিকা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৩:০৯

মালদহের মানিকচকে গঙ্গায় স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেল তিন নাবালিকা। সোমবার সকালে এই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিখোঁজ কিশোরীদের নাম তিথি মণ্ডল (৯), ইতি মণ্ডল (১০) এবং পিঙ্কি মণ্ডল (১১)। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ও সিভিল ডিফেন্স।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়িতে পুজোর আয়োজন চলছিল। সেই সময় পরিবারের সদস্যদের অলক্ষ্যে তিন নাবালিকা একসঙ্গে গঙ্গায় স্নান করতে যায়। কিছুক্ষণ পরেই তারা জলে তলিয়ে যায় বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নদীর পাড়ে ভিড় জমায় স্থানীয় মানুষজন। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

খবর পেয়েই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন এলাকার যুবকেরা। ডিঙি নৌকা নামিয়ে গঙ্গায় জাল ফেলে তল্লাশি চালানো হয়। পাশাপাশি কয়েকজন যুবক নদীতে নেমে ডুব দিয়েও নিখোঁজ নাবালিকাদের খোঁজ করার চেষ্টা করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কারও সন্ধান মেলেনি।

ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দলও উদ্ধারকাজ শুরু করেছে। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘তিন নাবালিকা হঠাৎ করে জলে ডুবে যায়। আমরা নৌকা নামিয়ে জাল ফেলে অনেক খোঁজার চেষ্টা করেছি। কিন্তু খুঁজে পাইনি। এ বার সিভিল ডিফেন্সের কর্মীরা খোঁজা শুরু করেছেন।'


Share