Bengaluru Job Trap

বেঙ্গালুরুতে কাজের টোপ, মালদহ টাউনে ধরা তিন বাংলাদেশি তরুণী, পলাতক দালাল

রবিবার রাতে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের জেনারেল কামরায় অভিযান চালিয়ে ওই তিনজনকে রেল পুলিশ গ্রেফতার করে। পরে তাঁদের জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। সোমবার ধৃতদের মালদহ আদালতে পেশ করা হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১০:১৫

এ দেশে ঢোকার পর সরাসরি পৌঁছে দেওয়া হবে বেঙ্গালুরুতে। সেখানেই মিলবে কাজ। এই প্রতিশ্রুতির বিনিময়ে মাথাপিছু ২৫ হাজার টাকা করে দিতে হয়েছিল। দালালের হাত ধরে অসমের গৌহাটি থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে মালদহ টাউন স্টেশনে ট্রেন থেকে ধরা পড়লেন তিন বাংলাদেশি তরুণী। সকলকে ফাঁকি দিতে কাজ চালানোর মতো অসমীয়া ও হিন্দি ভাষা নাকি দালালদের কাছ থেকেই শিখেছিলেন তাঁরা।

রবিবার রাতে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসের জেনারেল কামরায় অভিযান চালিয়ে ওই তিনজনকে রেল পুলিশ গ্রেফতার করে। পরে তাঁদের জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়। সোমবার ধৃতদের মালদহ আদালতে পেশ করা হয়।

আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতরা জানান, ট্রেনে তাঁদের সঙ্গে এক দালাল ছিল। তাঁকে তিনজনে মিলিয়ে মোট ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। চুক্তি ছিল, বেঙ্গালুরু পৌঁছে কোনও কাজে লাগিয়ে দেওয়া হবে। কিন্তু ট্রেনে রেল পুলিশের তল্লাশি শুরু হতেই ওই দালাল পালিয়ে যায়।

ধৃতদের নাম সীমা আক্তার, তসলিমা শেখ ও জগিতা খাতুন। বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের বাড়ি বাংলাদেশের ময়মনসিং-এ। প্রায় ১০ দিন আগে বাংলাদেশের সিলেট সীমান্ত দিয়ে চোরাপথে তাঁরা অসমে প্রবেশ করেছিলেন বলে জানা গিয়েছে।

জেনারেল কামরায় তিন তরুণীকে চুপচাপ বসে থাকতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। অভিযানে থাকা এক আরপিএফ জওয়ান জানান, ‘ওদের সঙ্গে কোনও অভিভাবক ছিল না। ওদের চাউনি দেখে কেমন যেন সন্দেহজনক মনে হয়েছিল। কথা বলতেই প্রথমে ওরা অসমীয়া ভাষা বলতে থাকে। এরপর আধা হিন্দি ভাষা শুরু করে দেয় । মাঝে আবার বাংলাও বলতে থাকে। সন্দেহ হওয়ায় পরিচয়পত্র চাওয়ায় ওরা দেখাতে অস্বীকার করে। তখনই কামরা থেকে তিনজনকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করতেই প্রকৃত সত্যটা বেরিয়ে আসে।’

রেল পুলিশের অনুমান, তাঁরা নারী পাচারচক্রের ফাঁদে পড়ে থাকতে পারেন। মালদা টাউন স্টেশনের জিআরপি-র আধিকারিক প্রশান্ত রায় জানান, ‘ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মালদহ আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। পাশাপাশি দালাল চক্রের খোঁজ চালানো হচ্ছে।’


Share