Development of North Bengal

তিন বছরের জট কাটল! সুপ্রিম কোর্টের সিলমোহরে ম্যাকাউট-সহ ৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ

সম্প্রতি বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ তিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে অনুমোদন দেয়।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১০:২৩

অবশেষে কাটল দীর্ঘদিনের জট। শীঘ্রই স্থায়ী উপাচার্য পেতে চলেছে রাজ্যের তিন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট), উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। দীর্ঘ তিন বছর ধরে নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় আটকে ছিল এই নিয়োগ প্রক্রিয়া। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সমস্যার সমাধান হল।

সম্প্রতি বাছাই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য এবং বিচারপতি জয়মাল্য বাগচী-র ডিভিশন বেঞ্চ তিন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে অনুমোদন দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। গত মার্চ মাসে শুরু হয় ইন্টারভিউ পর্ব। ম্যাকাউটে উপাচার্য পদের জন্য ১৫ জনকে ডাকা হলেও উপস্থিত ছিলেন ১৩ জন। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৭ জনের মধ্যে ১৪ জন সাক্ষাৎকারে অংশ নেন। একইভাবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রেও সাক্ষাৎকার প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই বাছাই পর্বের পরই চূড়ান্ত নাম ঘোষণা করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাকাউটের উপাচার্য হচ্ছেন তাপস চক্রবর্তী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আসছেন দ্বৈপায়ন ভরদ্বাজ এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য হচ্ছেন রাজন চক্রবর্তী।

এর আগেও চলতি বছরের জানুয়ারি মাসে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নাম ঘোষণা করা হয়েছিল। তৎকালীন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সমাজমাধ্যমে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম প্রকাশ করেন। পরে গত ১৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের হাতে আনুষ্ঠানিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়।


Share