Arrest

ভোটের আগে মালদহে পুলিশের বড় সাফল্য, উদ্ধার জালনোট ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার তিন

প্রথম অভিযানে খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে ওই জালনোট মালদহে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১১:২৯

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদহ জেলায় ফের বড়সড় সাফল্য পেল পুলিশ। দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ জালনোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ। ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে চাঁচোল থানা এলাকার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। প্রথম অভিযানে খানপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারেক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার জালনোট উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিলিগুড়ি থেকে ওই জালনোট মালদহে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল।

অন্যদিকে, একই রাতে দ্বিতীয় অভিযানে দুই অস্ত্র কারবারি গোলাম রাব্বানী ও মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। তাঁদের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। ধৃতদের হেফাজত থেকে চারটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিহার থেকে আগ্নেয়াস্ত্রগুলি মালদহে আনা হয়েছিল।

পুলিশের দাবি, বিধানসভা নির্বাচনের আগে জেলায় বেআইনি অস্ত্র ও জালনোটের রমরমা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share