Market Roof Tragedy

মালদহে বাজারের ছাদ ধসে মৃত্যু নৈশপ্রহরীর, আহত সাফাইকর্মী, সংস্কার না হওয়া নিয়ে ক্ষোভ ব্যবসায়ীদের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে বৃষ্টির জেরে বাজারের ছাদের একটি অংশ আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন মিন্টু সরকার ও দীপ সর্দার। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মিন্টুকে বাঁচানো যায়নি।

ক্ষতিগ্রস্ত ছাদ
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০২:০০

ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল মালদহের ইংরেজবাজারের পুরসভার বাজারের ছাদ। সেই ছাদের চাঙর ভেঙে পড়ায় আহত হন দুই ব্যক্তি। শনিবার সকালে মিন্টু সরকারের মৃত্যু হয়। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তি ওই বাজারের নৈশপ্রহরী৷ অপরজনের সাফাই কর্মী দীপ সর্দার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকে বৃষ্টির জেরে বাজারের ছাদের একটি অংশ আচমকা ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন মিন্টু সরকার ও দীপ সর্দার। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও মিন্টুকে বাঁচানো যায়নি।

এই ঘটনাকে কেন্দ্র করে বাজারের পরিকাঠামো নিয়ে পুরনো অভিযোগ ফের সামনে এসেছে। ব্যবসায়ীদের দাবি, বহু দিন ধরেই বাজারের ভবন অত্যন্ত জীর্ণ অবস্থায় রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার কথা একাধিকবার প্রশাসন ও পুরসভাকে জানানো হয়েছিল। ২০১৮ সালেও প্রশাসনিক বৈঠকে বাজারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল বলে দাবি ব্যবসায়ী মহলের। মালদহ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তরফে অভিযোগ, এত সতর্কবার্তার পরেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের মতে, অবহেলার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির তরফে পুরসভার গাফিলতিকেই দায়ী করা হয়েছে। পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, ‘‘মিটিংয়ে আমরা বারবার বলেছিলাম। কিন্তু মানুষের সুরক্ষার দিকে নজর নেই তৃণমূল পরিচালিত এই পুরসভার। তাদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, এই বাজারটি বহু পুরনো। বিল্ডিংটি ভাঙার জন্য মহকুমাশাসক নোটিস জারি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 


Share