Suzapur Voter Row

মালদহে ভোটার তালিকায় বড়সড় বিতর্ক, সুজাপুরের এক বুথে একসঙ্গে ৪২৭ জনের নাম বাদ

স্থানীয়দের দাবি, ওই বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ছিল। নির্ধারিত শুনানিতে ডাকা হলে সংশ্লিষ্ট ভোটাররা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেন। কিন্তু পরে প্রকাশিত তালিকায় দেখা যায়, ৪২৭ জনের নাম আর নেই।

সিলামপুর ১ নং গ্রাম পঞ্চায়েত
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০৭:৩৫

মালদহ জেলার সুজাপুর বিধানসভা কেন্দ্রের সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সেখানকার পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুলের তিন নম্বর বুথে একসঙ্গে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। স্থানীয়দের দাবি, ওই বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ছিল। তাঁদের দাবি, নির্ধারিত সময়ে শুনানিতে ডাকা হলে ভোটারেরা প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা দেন। কিন্তু পরে প্রকাশিত সম্পূরক তালিকায় দেখা যায়, ৪২৭ জনের নাম আর নেই।

স্থানীয় বাসিন্দা মির আলি মহালদারের দাবি, তাঁদের পরিবার বহু প্রজন্ম ধরে এ দেশের বাসিন্দা। তিনি নিজেও ২০০২ সালের আগেই থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন। ২০০২ সালের এসআইআর তালিকাতেও তাঁর নাম ছিল। তবুও এ বারের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, শুধু তাঁর নয়, আরও বহু মানুষের ক্ষেত্রেই একই ধরনের ঘটনা ঘটেছে।

এই ঘটনায় এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মী রাজেশ মহালদার কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এ ভাবে ভোটারদের নাম বাদ পড়া গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন গ্রামবাসীরা।

উল্লেখ্য, বিচারাধীন ভোটারদের নথি যাচাই করছেন হাই কোর্ট নিযুক্ত বিচারকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা কাজ করছেন। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিচারাধীন ভোটারদের নথি যাচাইয়ের পরে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে হবে। শীর্ষ আদালতে নির্দেশে ট্রাইবুনাল গঠনের কাজ চলছে। হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম, রঞ্জিতকুমার বাগের মতো বিচারপতিরা রয়েছেন।


Share