Murder Case

তিন মাসেও অধরা খুনের অভিযুক্তরা! হুমকির মুখে বিক্রম হালদারের পরিবার, পুলিশ সুপারের দ্বারস্থ মৃতের পরিবার

মৃতের পরিবারের অভিযোগ, ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে মাত্র চারজনকে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২২ জুলাই ২০২৬ ০৩:৫৮

মালদহের ইংরেজবাজারের মহেশপুরে তিন মাস আগে যুবক বিক্রম হালদার খুনের ঘটনায় এখনও অধরা একাধিক অভিযুক্ত। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনায় মোট নয় জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ এখনও পর্যন্ত গ্রেফতার করেছে মাত্র চারজনকে। বাকি অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং লাগাতার তাঁদের হুমকি দিচ্ছে বলে দাবি পরিবারের।

পরিবারের অভিযোগ, চলতি বছরের ৬মে রাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বিক্রম হালদারকে। পুলিশের দাবি, তাস খেলা নিয়ে বিবাদের জেরেই এই খুন। তবে পরিবারের বক্তব্য, এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে বিক্রমকে খুন করা হয়।

অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবং হুমকির অভিযোগ জানিয়ে চলতি মাসের ৭ জুলাই মালদহের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে পরিবার। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ গিয়ে ন্যায়বিচারের আবেদন জানাবেন।

এ বিষয়ে মালদহের পুলিশ সুপার অনুপম সিং বলেন, "পরিবার নতুন করে অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তদন্ত চলছে।"


Share