Fire Incident

মালদহে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ঘন কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা, প্রাণের ঝুঁকি নিয়ে আগুন ঠেকালেন স্থানীয়রা

স্থানীয়দের বক্তব্য, এলাকায় প্রচুর প্লাস্টিক জমা করে রাখা ছিল বলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন যাতে পাশের বাড়িগুলিতে না পৌঁছয়, সেই চেষ্টায় শ্যামাপদ রায় নামে এক বাসিন্দা ঝুঁকি নিয়ে প্লাস্টিকের স্তূপ টেনে সরাতে শুরু করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১০:৪২

মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরের বোচাহি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যে মজুত করে রাখা বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রীতে আগুন লাগতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। দাউদাউ করে জ্বলতে থাকা প্লাস্টিক থেকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, যার ফলে আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়।

স্থানীয়দের বক্তব্য, এলাকায় প্রচুর প্লাস্টিক জমা করে রাখা ছিল বলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন যাতে পাশের বাড়িগুলিতে না পৌঁছয়, সেই চেষ্টায় শ্যামাপদ রায় নামে এক বাসিন্দা ঝুঁকি নিয়ে প্লাস্টিকের স্তূপ টেনে সরাতে শুরু করেন। তাঁকে দেখে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দাও এগিয়ে আসেন এবং মজুত প্লাস্টিক সরিয়ে আগুনের বিস্তার আটকানোর চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের স্থানটি ঘিরে একাধিক বাড়ি থাকলেও সেখানে মোটর চালিয়ে জল দেওয়ার মতো পরিস্থিতি না থাকায় স্থানীয় মানুষজন বালতিতে জল ভরে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। তাঁদের তৎপরতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে, কয়েকজন স্থানীয়ের অভিযোগ, দমকলে খবর দেওয়া হলেও দ্রুত কোনও সাহায্য পৌঁছায়নি। তাঁদের দাবি, দমকল পৌঁছনোর আগেই সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে আগুন অনেকটাই নেভাতে সক্ষম হন। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় এটি দুর্ঘটনা, না কি ইচ্ছাকৃতভাবে আগুন লাগানো হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। 


Share