Political Chaos

জমি-বিবাদে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, মালদহ থানার সামনে বিক্ষোভে প্রাক্তন বিজেপি নেতা নিতাই মণ্ড

তাঁর অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং পুলিশ তাঁকে হেনস্তা করছে। এরই প্রতিবাদে রবিবার থানার সামনে বিক্ষোভে নামেন তিনি ও তাঁর সমর্থকেরা।

মালদহ থানা।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৫:০৯

জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেনস্তার অভিযোগ তুলে কর্মী-সমর্থকদের নিয়ে মালদহ থানার সামনে বিক্ষোভে সামিল হলেন বিজেপি থেকে বহিষ্কৃত প্রাক্তন নেতা তথা পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির প্রাক্তন বিরোধী দলনেতা নিতাই মণ্ডল।

নিতাই মণ্ডলের দাবি, পুরাতন মালদহের ছাতিআন মোড় এলাকায় তাঁর একটি আমবাগান রয়েছে। সেই বাগান থেকে আম পাড়ার সময় পুলিশ বাধা দেয়। পরে পিন্টু সাহা নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মালদহ থানার পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করে। তাঁর অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরে তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং পুলিশ তাঁকে হেনস্তা করছে। এরই প্রতিবাদে রবিবার থানার সামনে বিক্ষোভে নামেন তিনি ও তাঁর সমর্থকেরা।

অন্য দিকে, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মালদহ শহরের ব্যবসায়ী পিন্টু সাহা। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমিটি তিনি বহু বছর আগেই বৈধভাবে কিনেছেন। অভিযোগ, নিতাই মণ্ডল নিজের প্রভাব খাটিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের একাংশকে ব্যবহার করে বেআইনিভাবে জমিটি দখল করে রেখেছেন। তাঁর আরও অভিযোগ, নিতাই মণ্ডল মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করছেন।

জমির মালিকানা নিয়ে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেও, পুরো ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।


Share