Political Chaos

দোকান বরাদ্দে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ! গৌড়বঙ্গ হকার্স কর্নারে পোস্টার-বিক্ষোভে তোলপাড় মালদহ

সেই অতিরিক্ত অর্থ বা ‘কাট মানি’ ফেরতের দাবিতেই মঙ্গলবার সকালে বাজার চত্বরে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে প্ল্যাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতের দাবি তোলা হয়েছে।

স্থানীয় ইংলিশ বাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ০৫:২৮

মালদহের ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গৌড়বঙ্গ হকার্স কর্নার বাজারে ‘কাট মানি’ ফেরতের দাবিতে পোস্টার পড়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তির ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার দিকে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ইংরেজবাজার শহরের ২ নম্বর কলোনি সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাজারটি প্রায় তিন বছর আগে নতুন করে সংস্কার করা হয়েছিল। সেই সময় প্রায় ১৫০টি দোকানঘর ও প্ল্যাটফর্ম বরাদ্দ করা হয়। বাজারে সবজি, মাছ, মাংস ও মুদিখানার একাধিক দোকান রয়েছে।

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, দোকান ও প্ল্যাটফর্ম বরাদ্দের সময় তাঁদের যে সরকারি স্লিপ দেওয়া হয়েছিল, তার তুলনায় অনেক বেশি অর্থ নেওয়া হয়েছিল। সেই অতিরিক্ত অর্থ বা ‘কাট মানি’ ফেরতের দাবিতেই মঙ্গলবার সকালে বাজার চত্বরে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে প্ল্যাটফর্ম ও দোকানঘর বিক্রির নামে নেওয়া অতিরিক্ত টাকা ফেরতের দাবি তোলা হয়েছে।

তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কাউন্সিলর অশোক সাহা। তাঁর দাবি, অভিযোগে কোনও সত্যতা নেই। তিনি প্রশ্ন তুলেছেন, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে, তাহলে অভিযোগকারীরা এতদিন নীরব ছিলেন কেন? তাঁর মতে, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এই ধরনের পোস্টার লাগানো হয়েছে।

এ দিকে, কাউন্সিলরের পাশে দাঁড়িয়েছেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অন্য দিকে, এই ঘটনাকে হাতিয়ার করে পুরসভা ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ব্যবসায়ী মহল ও রাজনৈতিক মহলে।


Share