Malda Arms Bust

মালদহে পুলিশি অভিযানে বড় সাফল্য, ১৫টি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই দুষ্কৃতী

পৃথক অভিযানে বড় সাফল্য মালদহ জেলা পুলিশের। ১৫টি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই অস্ত্রপাচারকারী। মুর্শিদাবাদ ও কালিয়াচক থেকে উদ্ধার বিপুল অস্ত্র, বিহার যোগসূত্রের ইঙ্গিত পুলিশের।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৭:০৫

পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল মালদহ জেলা পুলিশ। মোট ১৫টি আগ্নেয়াস্ত্র-সমেত গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় অভিযান চালিয়ে মইনুল হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানার মিরজাতপুর এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০টি পাইপগান, একটি ৭ এমএম পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ।

অন্যদিকে, কালিয়াচক থানার পুলিশ তল্লাশি চালিয়ে সুজাপুরের বাসিন্দা আনারুল হক (৪৫)-কে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি ৭ এমএম পিস্তল।

জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ধৃতদের সঙ্গে বিহারের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অস্ত্র পাচারের উদ্দেশ্যেই এই মজুত করা হয়েছিল। ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হবে।


Share