Bangladeshi Arrest

বিএসএফ ও পুলিশের যৌথ তৎপরতা, মালদহে ফের গ্রেফতার পাঁচ বাংলাদেশি নাগরিক

মালদহের হবিবপুরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। স্থানীয়দের খবর পেয়ে চারজনকে আটক পুলিশ, এক জনকে ধরে বিএসএফ। মঙ্গলবার সকলকে মালদহ জেলা আদালতে পেশ।

হবিবপুর থানা
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৯:৪৩

মালদহে ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনা সামনে এল। হবিবপুর থানার পুলিশের হাতে মোট পাঁচজন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ধৃতদের মালদহ জেলা আদালতে পেশ করে হবিবপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হবিবপুর থানার বৈদ্যপুর অঞ্চলের দাল্লা মধ্যপাড়া এলাকায় কয়েকজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা সঙ্গে সঙ্গে হবিবপুর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে গ্রেফতার করে।

এদিকে, সোমবার আগ্রা-হরিশ্চন্দ্রপুর এলাকায় বিএসএফের ৮৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা আরও এক বাংলাদেশি নাগরিককে আটক করে। পরে ওই ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সব মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের দাবি, ধৃতদের নাম ভীম রায়, রতন রায়, শিপন রায় ও দুর্জয় মণ্ডল। এঁরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাবাড়ি থানার বাসিন্দা। অপর ধৃতের নাম মোহাম্মদ আজহার আলী, তাঁর বাড়িও বাংলাদেশে।

মঙ্গলবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ধৃত পাঁচজনকেই মালদহ জেলা আদালতে পেশ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর থানা পুলিশ।


Share