Gourbanga University

১০ বছরেও হয়নি সমাবর্তন, অরিজিনাল সার্টিফিকেট না পেয়ে ক্ষুব্ধ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

নতুন করে এসএসসি উত্তীর্ণ পড়ুয়াদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তাঁদের অরিজিনাল সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন। কিন্তু সেই সার্টিফিকেট মিলবে কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়ম অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের হাত থেকেই অরিজিনাল সার্টিফিকেট পাওয়ার কথা।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৪:৪৯

অরিজিনাল সার্টিফিকেট না পাওয়ায় এ বার সরব হলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, গত এক দশক ধরে বিশ্ববিদ্যালয়ে কোনও সমাবর্তন না হওয়ায় পাশ করার পরেও তাঁরা অরিজিনাল সার্টিফিকেট হাতে পাচ্ছেন না। বদলে দেওয়া হচ্ছে ডুপ্লিকেট সার্টিফিকেট। এই ঘটনাকে ঘিরে ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে।

নতুন করে এসএসসি উত্তীর্ণ পড়ুয়াদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। তাঁদের অরিজিনাল সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন। কিন্তু সেই সার্টিফিকেট মিলবে কীভাবে, তা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিয়ম অনুযায়ী, সমাবর্তন অনুষ্ঠানে আচার্যের হাত থেকেই অরিজিনাল সার্টিফিকেট পাওয়ার কথা।

এই সমস্যার কথা জানাতে শুক্রবার বিশ্ববিদ্যালয়ে আসেন পাশ করা ছাত্রছাত্রীদের একাংশ। তাঁরা গত ২৭ ফেব্রুয়ারি রাজ্যের উচ্চশিক্ষা দফতরের জারি করা একটি সার্কুলার দেখিয়ে জানান, এসএসসি উত্তীর্ণদের প্রত্যেককে অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে হবে। কিন্তু অধিকাংশের কাছেই সেই সার্টিফিকেট নেই, আপাতত মার্কশিট দিয়েই কাজ চালাতে হচ্ছে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। উপাচার্য থেকে রেজিস্ট্রার কেউই প্রকাশ্যে মন্তব্য করতে চাননি। কন্ট্রোলারও নীরব থাকায় সমস্যার সমাধান অধরাই রয়ে গিয়েছে। ফলে হাজার হাজার পাশ করা পড়ুয়া এখন কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে বিশ্ববিদ্যালয়ে ঘুরপাক খাচ্ছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক কমিটি ‘এক্সিকিউটিভ কাউন্সিল’-কে পাশ কাটিয়ে উপাচার্য আশিস ভট্টাচার্য অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করেছেন বলেও অভিযোগ উঠেছে। এই সিদ্ধান্ত ঘিরে প্রশাসনিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

বিশ্ববিদ্যালয়ের একাংশ অধ্যাপকের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যে কোনও সময় অচলাবস্থা তৈরি হতে পারে। অধ্যাপক সনাতন দাসের কথায়, 'উপাচার্য পাশ করা পড়ুয়াদের অরিজিনাল সার্টিফিকেট দেওয়ার কথা ভাবছেন না। এতে জটিলতা বাড়ছে। ২০১৭-র পরে বিশ্ববিদ্যালয়ে কনভোকেশন হয়নি। ফলে কেউ সার্টিফিকেট হাতে পায়নি।'


Share