Chaos in School

দুর্নীতির অভিযোগে ফুঁসছে গ্রাম! তৃণমূলের প্রাক্তন ব্লক নেতাকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, ঘেরাও হরিপুর প্রাথমিক বিদ্যালয়

এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকেরা।

বিক্ষোভ স্থানীয়দের।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৮:৪৬

একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান শিক্ষক তথা তৃণমূলের প্রাক্তন ব্লক কমিটির সাধারণ সম্পাদক আমরুল হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মালদহের মানিকচক ব্লকের হরিপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকেরা।

অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত পঠনপাঠন হয় না এবং মিড-ডে মিলও সঠিকভাবে দেওয়া হয় না। প্রতিবাদ করলে প্রধান শিক্ষকের তরফে হুমকি দেওয়া হয় বলেও দাবি স্থানীয়দের। বিক্ষোভ চলাকালীন প্রধান শিক্ষক ও এক সহকারী শিক্ষককে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা অনেক সময় শ্রেণিকক্ষে পাঠদান না করে অন্য ঘরে দরজা বন্ধ করে দীর্ঘ সময় কাটান। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন অভিভাবকেরা।

অভিভাবক সবিতা মণ্ডল বলেন, “আমরা বেসরকারি স্কুলে সন্তানদের পড়ানোর সামর্থ্য রাখি না। তাই সরকারি স্কুলে পাঠাই। কিন্তু এখানে বাচ্চারা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না। শিক্ষকরা নিয়মিত পড়ান না। আমরা চাই বিদ্যালয়ের পরিস্থিতির পরিবর্তন হোক।”

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক আমরুল হোসেন। তাঁর দাবি, “পুরো ঘটনাটি পরিকল্পিত। বিদ্যালয়ে পঠনপাঠনের কোনও সমস্যা নেই। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে। আলোচনা চলাকালীন হঠাৎ ডিম ছোড়া হয়। গোটা বিষয়টি নিয়ে থানায় এবং বিডিওর কাছে অভিযোগ জানাব।”

ঘটনায় সরব হয়েছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মণ্ডলও। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে এখানে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট শিক্ষক তৃণমূলের ব্লক কমিটিতে থাকাকালীন বিভিন্নভাবে প্রভাব খাটাতেন বলে অভিযোগ। আমি এলাকার সমস্ত বিদ্যালয় পরিদর্শন করব। এখানে এসে যা দেখলাম, তাতে এটি স্কুল না অন্য কিছু বোঝা কঠিন। অবিলম্বে ওই শিক্ষকের বদলি চাই এবং বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।”

ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।


Share