TMC Leader

দোকান খোলার অনুমতির নামে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ! থানায় অভিযোগ জমা পড়তেই বেপাত্তা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর অশোক সাহা

পাশাপাশি, নেওয়া অর্থের যথাযথ রসিদও দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তাঁরা টাকা ফেরতের দাবিতে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০১:১৭

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতারের ঘটনা সামনে আসছে। এ বার সেই অভিযোগের আঁচ পৌঁছেছে মালদহের ইংরেজবাজার পুরসভাতেও। দোকান খোলার অনুমতি দেওয়ার নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি স্থানীয়দের।

অভিযোগকারী ব্যবসায়ীদের দাবি, দোকান খোলার অনুমতি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দোকান চালুর অনুমতি মেলেনি। পাশাপাশি, নেওয়া অর্থের যথাযথ রসিদও দেওয়া হয়নি বলে অভিযোগ। রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তাঁরা টাকা ফেরতের দাবিতে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ জমা পড়ার পর থেকেই কাউন্সিলর অশোক সাহাকে এলাকায় দেখা যাচ্ছে না। তাঁর বাড়িতেও তালা ঝুলতে দেখা গিয়েছে। ফোন বা বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

যদিও অভিযোগ অস্বীকার করেছে ইংরেজবাজার পুরসভা। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘বেশি টাকা নিয়ে কম টাকার রসিদ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। পুলিশ তদন্ত করে দেখুক।’

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির মালদহ জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, ‘শুধু অশোকই নন, পুরসভার আরও অনেকেই এর সঙ্গে জড়িত। পুলিশ তদন্ত করে সবাইকে খুঁজে বের করুক।’ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Share