Malda Medical College

পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি, মালদহ মেডিক্যালে চরম দুর্ভোগ রোগী ও পরিজনদের

বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে মালদহ মেডিক্যাল কলেজের চুক্তিভিত্তিক কর্মীরা। কর্মী না থাকায় রোগী পরিষেবায় বিপর্যয়, রোগীদের কোলে করেই ওয়ার্ড বদল করতে বাধ্য পরিজনেরা।

মালদহ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০১:২৬

আন্দোলনের পর এবার বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে শামিল হলেন মালদহ মেডিক্যাল কলেজের চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীরা। বুধবার সকাল থেকে কর্মবিরতি শুরু হতেই চরম ভোগান্তির মুখে পড়তে হয় রোগীর পরিজনদের। কর্মী না থাকায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে রোগীদের কোলে করেই নিয়ে যেতে হচ্ছে তাঁদের।

মঙ্গলবার বকেয়া বেতনের দাবিতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে ঘিরে দিনভর বিক্ষোভ দেখান চুক্তিভিত্তিক ১৩৫ জন অস্থায়ী কর্মী। ওই আন্দোলনে সুপারভাইজার ও নিরাপত্তা কর্মীরাও যোগ দেন। তবে আলোচনায় কোনও সমাধান না হওয়ায় বুধবার সকাল থেকে কর্মবিরতির পথে হাঁটেন তাঁরা।

জানা গিয়েছে, ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এই কর্মীরা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক করতে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।


Share