Recovery of Cough Syrup

মহদীপুর সীমান্তে বাজেয়াপ্ত কোটি টাকার কাফ সিরাপ, অভিযোগের তির ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দিকে

কর্তৃপক্ষের দাবি, মোট ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনায় লরির চালক আকরামুল শেখকে আটক করা হয়েছে।

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মারুফ শেখ।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৩:৪৮

কাফ সিরাপ পাচারকাণ্ডে এ বার নাম জড়াল তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মারুফ শেখের। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মহদীপুর সীমান্তে বাংলাদেশগামী একটি পাথরবোঝাই লরি আটক করে বিএসএফ। ওই লরিটি পাথর রফতানির উদ্দেশ্যে বাংলাদেশে যাওয়ার কথা ছিল।

বিএসএফ ও কাস্টমসের যৌথ তল্লাশিতে লরির ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাফ সিরাপ। কর্তৃপক্ষের দাবি, মোট ২২ হাজার ৮০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনায় লরির চালক আকরামুল শেখকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে কাস্টমস।

তদন্তে উঠে এসেছে মহদীপুর সীমান্তের ক্লিয়ারেন্স এজেন্ট মারুফ শেখের নাম। তিনি বর্তমানে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং তৃণমূলের নেতা হিসেবে পরিচিত। রফতানিকারকদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তিনি নানা বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তাঁদের দাবি, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। তবে বর্তমানে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং মারুফ শেখের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন তাঁরা।


Share