BJP

প্যান্ডেলের কাপড়েও রাজনীতি! গণেশপুজোর মণ্ডপের নীল-সাদা কাপড় নিয়ে বিতর্ক, সমর্থন করল না দল

স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরী দাবি করেন, মণ্ডপে নীল-সাদা রং ব্যবহার করে হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে। এর পরেই মণ্ডপের বাইরে লাগানো নীল-সাদা কাপড় খুলে হলুদ সাদা কাপড় লাগানো হয়।

প্যান্ডেলের নীল সাদা কাপড় নিয়ে বিতর্ক
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪১

প্যান্ডেলের কাপড়েও রাজনীতির রং! গণেশপুজোর মণ্ডপের বাইরের কাপড়ের রং নীল-সাদা। আর সেই নিয়েই তৈরি বিতর্ক। অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা এই বিষয়ে আপত্তি দেখায়। সেই কাপড় খুলে অন্য রঙের কাপড় লাগানো হয়। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকার। বিষয়টি ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে। তবে দলের ওই নেতার বক্তব্যকে সমর্থন করেনি জেলা বিজেপি নেতৃত্ব।

হরিশ্চন্দ্রপুর সদর এলাকার ইয়ং বয়েজ ক্লাবে দীর্ঘদিন ধরে গণেশপুজো হয়ে আসছে। এ বারও জাঁকজমক করে পুজোর আয়োজন করা হয়েছিল। মণ্ডপের বাইরে ছিল নীল-সাদা কাপড়। ভিতরে হলুদ-সাদা কাপড় লাগানো হয়েছিল। পুজোর দিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক মতিবুর রহমান এবং জেলা পরিষদ সদস্য বুলবুল খান। এরপরই মণ্ডপের বাইরের কাপড়ের রং নিয়ে আপত্তি ওঠে।

অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা অর্জুন কেশরী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি দাবি করেন, মণ্ডপে নীল-সাদা রং ব্যবহার করে হিন্দু ভাবাবেগে আঘাত করা হচ্ছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

এর পরেই মণ্ডপের বাইরে লাগানো নীল-সাদা কাপড় খুলে ফেলা হয়। পরিবর্তে হলুদ-সাদা কাপড় লাগানো হয় বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় আলোচনা শুরু হয়। রাজ্যে তৃণমূল ক্ষমতায় থাকার সময়ে সরকারি বিভিন্ন জায়গা, রাস্তার রেলিং এবং সরকারি অনুষ্ঠানে নীল-সাদা রঙের ব্যবহার দেখা যেত। রাজ্যে পালাবদলের পর সরকারি পরিসরে সেই রঙের ব্যবহারও কমেছে। এই পরিস্থিতিতে পুজোর মণ্ডপের রং নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

যদিও বিতর্কে ওই বিজেপি নেতার পাশে দাঁড়াননি দলীয় নেতারা। মালদহ জেলা বিজেপি সম্পাদক রূপেশ আগরওয়াল জানান, “মণ্ডপের কাপড় যে কোনও রঙের হতে পারে। যার যেটা ইচ্ছা, সেটাই করবেন।”


Share