Gourbanga University

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে বিতর্ক, উপাচার্যের অগোচরে ফিনান্স আধিকারিক নিয়োগ, করা হল শোকজ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ফিনান্স অফিসার জাহির হাসান অবসর নেন। তাঁর অবসরের আগেই উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ডকে নতুন ফিনান্স অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ০৯:১৮

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফের বিতর্কে উপাচার্য আশিস ভট্টাচার্য। এগজিকিউটিভ কাউন্সিল (ইসি)কে এড়িয়ে নতুন ফিনান্স অফিসার নিয়োগের অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয় মহলে সমালোচনার ঝড় উঠেছে। শনিবার বিষয়টি প্রকাশ্যে আসতেই উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপকদের একাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ফিনান্স অফিসার জাহির হাসান অবসর নেন। তাঁর অবসরের আগেই উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ডকে নতুন ফিনান্স অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে অভিযোগ।

অধ্যাপকদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা হল এগজিকিউটিভ কাউন্সিল, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইসি বৈঠকের মাধ্যমেই নেওয়ার কথা। কিন্তু উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত কোনও ইসি বৈঠক ডাকেননি আশিস ভট্টাচার্য। এর আগেও ইসি বৈঠক না ডেকে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে অপসারণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সিদ্ধান্তের প্রতিবাদ করায় কয়েকজন ইসি সদস্য ও অধ্যাপককে শোকজ করা হয় এবং তিন অধ্যাপককে সাত দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

জানা গিয়েছে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও ওই তিন অধ্যাপক কোনও জবাব দেননি। বরং এই দ্বন্দ্ব গড়িয়েছে কলকাতা হাই কোর্টে। তিন অধ্যাপক রিট পিটিশন দাখিল করেছেন এবং চলতি মাসের প্রথম সপ্তাহেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্ক বিভাগের অধ্যাপক সনাতন দাসের অভিযোগ, 'উপাচার্য তাঁরা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে তৎকালীন রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে অপসারণা করেছিলেন। তার পরে আবার ফিনান্স অফিসার নিয়োগ করেছেন এটা ক্ষমতার অপপ্রয়োগ।' অন্যদিকে অধ্যাপক সাধনকুমার সাহা দাবি করেছেন, উপাচার্য স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। যদিও এ বিষয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share