Mysterious Death

রাতের অন্ধকারে মায়ের দেহ নামানোর চেষ্টা, মালদহে আটক ছেলে

প্রতিবেশীদের দাবি, অসুস্থ মাকে ঠিকমতো দেখাশোনা করতেন না ছেলেরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দোলের সময় থেকেই ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। বৃহস্পতিবার বড় ছেলে বাড়ির ছাদ থেকে মায়ের মৃতদেহ নামানোর চেষ্টা করছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০১:৫৯

মালদহ শহরের বালুরচর এলাকার মুচিপাড়ায় এক ঘটনার খবর সামনে এসেছে। রাতের অন্ধকারে বাড়ির ছাদ থেকে মায়ের মৃতদেহ নামানোর চেষ্টা করেছিলেন এক ব্যক্তি। তখনই সে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়েন। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির নাম কৃষ্ণ দাস। তাঁর মা লক্ষ্মী দাস (প্রায় ৫৫)। স্থানীয়দের অভিযোগ, মৃতদেহটি দু’-তিন দিন আগের হতে পারে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মী দাসের দুই ছেলে রয়েছে। কয়েক বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। তিনি পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। পরে সেই চাকরি পান ছোট ছেলে বিকাশ দাস। তিনি বর্তমানে মালদা সংশোধনাগারে কর্মরত।

এলাকার কাউন্সিলর পলি সরকারের অভিযোগ, দুই ভাইয়ের সঙ্গেই স্থানীয়দের সম্পর্ক ভাল ছিল না। তাঁদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগও রয়েছে। প্রতিবেশীদের দাবি, অসুস্থ মাকে ঠিকমতো দেখাশোনা করতেন না ছেলেরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দোলের সময় থেকেই ওই বৃদ্ধা বাড়িতে একাই ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশীরা দেখতে পান, বড় ছেলে কৃষ্ণ দাস বাড়ির তিনতলার ছাদ থেকে মায়ের নিথর দেহ নিচে নামানোর চেষ্টা করছেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁকে বাধা দেন। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি বড় ছেলে কৃষ্ণ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share