Deadly Holi Clash

হোলির রাতে রক্তাক্ত মালদহ, কিশোরের গুলিতে মৃত্যু, ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে প্রাণ গেল রেশন ডিলারের

অভিযোগ, সেই বচসার জেরে এলাকার রেশন ডিলার সমীর গুপ্তের ১৭ বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে জখম হয় ১০ বছরের সম্রাট মাহারা, ১৪ বছরের সমর রজক, সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক এবং অরুণ মণ্ডল।

মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৪:৩৪

হোলির আনন্দ মুহূর্তেই রূপ নিল রক্তাক্ত ঘটনায়। গুলিবর্ষণ ও গণপিটুনিকে কেন্দ্র করে মালদহে মৃত্যু হল দু’জনের। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার মানিকচক থানার মথুরাপুর কাহারপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সামান্য বচসাকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, সেই বচসার জেরে এলাকার রেশন ডিলার সমীর গুপ্তের ১৭ বছরের ছেলে তার বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে গুলি চালায়। গুলিতে জখম হয় ১০ বছরের সম্রাট মাহারা, ১৪ বছরের সমর রজক, সমরের বাবা কালু রজক, মা নমিতা রজক এবং অরুণ মণ্ডল।

আহতদের দ্রুত উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমর রজকের মৃত্যু হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

এরপর ক্ষুব্ধ জনতা সমীর গুপ্তের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি সমীর গুপ্তকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার তদন্তে নেমেছে মানিকচক থানার পুলিশ। গুলি চালানোর অভিযোগে মৃত রেশন ডিলারের বড় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বর্তমানে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার জেরে মথুরাপুর কাহারপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Share