Student Death

মানিকচকে মাধ্যমিক পড়ুয়ার মৃত্যু ঘিরে ক্ষোভ, দেহ নিয়ে রাজ্য সড়ক অবরোধে উত্তাল এলাকা

অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলতে ওই বন্ধুর বাড়িতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা সোয়েলের উপর চড়াও হয়। লাঠি ও বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, মানিকচক
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪

মানিকচকে মাধ্যমিক পড়ুয়া খুনের ঘটনায় মূল অভিযুক্ত এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার ও স্থানীয় বাসিন্দারা। দ্রুত দোষীদের শাস্তির দাবিতে মৃতদেহ নিয়ে পথ অবরোধ ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় মালদহের মানিকচক থানার ধরমপুর এলাকায়। মালদহ-মানিকচক রাজ্য সড়কে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসী। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হলে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় বিশাল পুলিশবাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাহেবনগর গ্রামের বাসিন্দা সোয়েল শেখ (১৬)-এর নামে তার এক বন্ধু নকল ফেসবুক প্রোফাইল খুলেছিল বলে অভিযোগ। ওই প্রোফাইল থেকে মেয়েদের সঙ্গে চ্যাট করা এবং সোয়েলের নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছিল বলে পরিবারের দাবি। বিষয়টি জানতে পেরে সোয়েল বাড়িতে জানায়।

অভিযোগ, গত ২২ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলতে ওই বন্ধুর বাড়িতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা সোয়েলের উপর চড়াও হয়। লাঠি ও বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার দেহ সৎকার না করে রাস্তায় নেমে পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। পুলিশের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক এবং তাদের খোঁজে তল্লাশি চলছে।


Share