Coochbehar Airport

বিরতির পর ফের বিমান পরিষেবা কোচবিহারে, সপ্তাহে এক দিন দিয়ে শুরু, প্রতিদিন উড়ানের দাবি ব্যবসায়ীদের

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতায় বিমান চলবে। মার্চ মাস থেকে পরিষেবাকে নিয়মিত করার চেষ্টা থাকবে।

কোচবিহার বিমানবন্দর
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার
  • শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০০

আবার চালু হচ্ছে কোচবিহার বিমানবন্দর থেকে যাত্রীবাহী বিমান পরিষেবা। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে এক দিন করে কোচবিহার-কলকাতা ও কলকাতা-কোচবিহার রুটে বিমান চলাচল শুরু হবে।

তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইন্ডিয়া ওয়ান এয়ার কোচবিহার থেকে পরিষেবা বন্ধ করে দেয়। গত ৮ জানুয়ারি ছিল তাদের শেষ উড়ান। এরপরই কোচবিহার থেকে বিমান চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে কোচবিহার এবং কোচবিহার থেকে কলকাতায় বিমান চলবে। মার্চ মাস থেকে পরিষেবাকে নিয়মিত করার চেষ্টা থাকবে।

এই খবরে খুশি কোচবিহারের ব্যবসায়ী মহল। তবে তাঁদের দাবি, সপ্তাহে এক দিনের বদলে প্রতিদিন বিমান চলা উচিত। পাশাপাশি আসন সংখ্যা বাড়ানোর দাবিও তুলেছেন তাঁরা।

জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজকুমার ঘোষ বলেন, ‘‘এই বিমানের চাহিদা যথেষ্ট রয়েছে। যেখানে চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে, সেখানে পরিষেবা কেন সপ্তাহে এক দিন মিলবে? আমাদের ব্যবসায়ী মহলের কাছে এই পরিষেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যাতে বেশি আসনের বিমান চলাচল করতে পারে, সে ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সংগঠনের তরফে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর কাছে বিমান পরিষেবা চালু রাখার জন্য চিঠিও দিয়েছিলাম।’’

কোচবিহার বিমানবন্দর ডিরেক্টর শুভাশিস পাল জানান, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে প্রতি বৃহস্পতিবার বিমান পরিষেবা পাওয়া যাবে। মার্চের মধ্যে আগের মতো পরিষেবা দেওয়ার চেষ্টা করা হবে। প্রতি দিন যাতে পরিষেবা দেওয়া যায়, সেই চেষ্টাও জারি থাকবে। 


Share