Drown at Water

মালদহে বন্ধুদের চোখের সামনেই গঙ্গায় তলিয়ে গেল ১৫ বছরের অরূপ, রাতভর তল্লাশির পর অবশেষে মিলল দেহ

বন্ধুকে জলের তলায় তলিয়ে যেতে দেখে সঙ্গীরা চিৎকার শুরু করে তার। স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৪:৫৮

মালদহের সাদুল্লাপুর নদীঘাটে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোর অরূপ দাসের। সোমবার সকালে নদী থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।

জানা গিয়েছে, অরূপ দাস মালদহ শহরের বুড়াবুড়িতলা উপর বাগান এলাকার বাসিন্দা এবং মালদহ টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। রবিবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে সাদুল্লাপুর নদীঘাটে স্নান করতে যায় সে। নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই আচমকা গভীর জলে তলিয়ে যায় অরূপ।

বন্ধুকে জলের তলায় তলিয়ে যেতে দেখে সঙ্গীরা চিৎকার শুরু করে তার। স্থানীয় বাসিন্দারা দ্রুত নদীতে নেমে খোঁজ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোয়। স্পিড বোট নিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হলেও রবিবার সন্ধ্যা পর্যন্ত অরূপের সন্ধান মেলেনি। পরে অন্ধকার নেমে আসায় উদ্ধারকাজ স্থগিত রাখা হয়।

সোমবার সকালে ফের শুরু হয় তল্লাশি অভিযান। সিভিল ডিফেন্স কর্মী ও ডুবুরিরা নদীতে নেমে খোঁজ চালান। অবশেষে সকাল ১০টা নাগাদ সাদুল্লাপুর নদীঘাট থেকেই স্থানীয় দুই যুবকের সহায়তায় উদ্ধার করা হয় অরূপের দেহ। দেহ উদ্ধার হতেই ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের আবহ।


Share