IPL 2025 Ticket Black Marketing

আইপিএলের টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগ গিরিশপার্কে, গ্রেফতার দুই যুবক, নিউ মার্কেট থেকেও গ্রেফতার এক

টিকিটের কালোবাজারি এবং প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গিরিশপার্ক এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ২১টি টিকিট-সহ নগদ টাকা।

(বাঁ দিকে) পীযূষ মহেন্দ্র এবং (ডান দিকে) কামাল হোসেন।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১২:০০

আজ, শনিবার ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেই সুযোগ কাজে লাগিয়ে টিকিট বিক্রির নামে প্রতারণার অভিযোগ। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরিশপার্ক এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ধৃতদের নাম পীযূষ মহেন্দ্র এবং কামাল হোসেন।? 

জানা গিয়েছে, ধীরজ মালি নামে এক ব্যক্তি সমাজমাধ্যমে একটি পোস্ট দেখতে পান। আশিস শর্মা নামে এক ব্যক্তি ওই পোষ্টটি করেছিলেন বলে দাবি করেছেন তিনি। যাতে আশিস শর্মা নামে ওই ব্যক্তি দাবি করেছে, তাঁর কাছে কলকাতায় অনুষ্ঠিত হওয়া কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচের কিছু টিকিট রয়েছে। এর পর ধীরজ তাঁর সঙ্গে যোগাযোগ করেন। আশিস টেলিফোনে তাঁকে গিরিশপার্কের একটি নির্দিষ্ট স্থানে যেতে বলেন। সেখানে পীযূষ মহেন্দ্র বলে একজনের থেকে টাকার বিনিময়ে টিকিটগুলি সংগ্রহ করার জন্য বলে সে।? 

ধীরজের বয়ান অনুযায়ী, তিনি পীযূষের মতো সেখানে যান। সেখানে পীযূষ তাঁকে একটি খাম দেয়। ধীরজের দাবি, তাতে মোট চারটি টিকিট ছিল। যার মধ্যে দু’টি দু’হাজার টাকা দামের টিকিট এবং দুটি বিনাপয়সায় পাওয়া টিকিট। ধীরজের দাবি, টিকিটের মূল্য বাবদ পীযূষকে ২০ হাজার টাকা দেন তিনি। তাঁর অভিযাগ, তিনি সঠিক মূল্যের থেকে বেশি দামে টিকিট কিনে ফেলেছেন। টাকা ফেরত পেতে তিনি আশিস শর্মাকে বারে বারে ফোন করেও তিনি ফোন ধরেননি। তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় গিরিশপার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ধীরজ।? 

তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযোগ দায়ের করে। তদন্তভার যায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার হাতে। তদন্তে নেমে গিরিশপার্কের মিত্র লেনের একটি বাড়ি থেকে পুলিশ পীযূষ মহেন্দ্র এবং কামাল হোসেনকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে মোট ২১টি আইপিএলের টিকিট, ২০ হাজার ৬০০ টাকা এবং দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে মারকুইস স্ট্রিট থেকে আরও এক কালোবাজারিকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। ধৃতের নাম শেহবাজ খান। তাঁর কাছ থেকেও উদ্ধার হয়েছে ছ’টি আইপিএলের টিকিট।? 


Share