Durand Cup

ডুরান্ড ডার্বির টিকিটে বিভ্রান্তি, অনলাইন টিকিটের সঙ্গেও বাধ্যতামূলক ফিজিক্যাল টিকিট, জানালেন ক্রীড়ামন্ত্রী

ক্রীড়ামন্ত্রীর পেপারলেস টিকিটের ঘোষণার পর ডুরান্ড কমিটি জানিয়েছে, অনলাইনে টিকিট কাটা দর্শকদের মাঠে প্রবেশের জন্য ক্লাবের তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৬ ০৫:৫৩

ডুরান্ড কাপের কলকাতা ডার্বির টিকিট ব্যবস্থা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, এ বার থেকে অনলাইনে টিকিট কাটলে আর আলাদা করে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে না। প্রথম বারের মতো পেপারলেস টিকিট চালু হচ্ছে বলেও তিনি ঘোষণা করেছিলেন। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভিন্ন নির্দেশিকা প্রকাশ করেছে ডুরান্ড কমিটি।

ডুরান্ড কাপের আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনলাইনে টিকিট বুক করলেও দর্শকদের মাঠে প্রবেশের আগে অবশ্যই ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। অর্থাৎ, শুধুমাত্র মোবাইলে থাকা কিউআর কোড বা এম-টিকিট দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি মিলবে না।

আয়োজকদের নির্দেশ অনুযায়ী, অনলাইনে টিকিট কাটা সমর্থকদের কলকাতার ময়দানে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবের তাঁবু থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে। এই সিদ্ধান্তের কথা ডুরান্ড কাপের অফিসিয়াল সমাজমাধ‍্যম হ্যান্ডেল থেকেও জানানো হয়েছে।

এর আগে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেছিলেন, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরাসরি মাঠে প্রবেশ করা যাবে। ফলে টিকিটে স্ট্যাম্প করানো বা আলাদা করে কাগজের টিকিট সংগ্রহ করার প্রয়োজন থাকবে না। কিন্তু আয়োজকদের সর্বশেষ ঘোষণায় সেই সিদ্ধান্তে পরিবর্তন এসেছে।

ডুরান্ড কাপের কলকাতা ডার্বির টিকিটের দাম রাখা হয়েছে ২৫০, ৩০০ এবং ৩৫০ টাকা। অনলাইনে বুকমাইশো-এর অ্যাপ ও ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে। পাশাপাশি ২২ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ময়দান তাঁবুতেও অফলাইনে টিকিট বিক্রি হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে ডুরান্ড।


Share