Governor

সুস্থ আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিবৃতি দিয়ে জানাল রাজভবন

সুস্থ আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি কাঁধে ব‍্যাথা অনুভব করেছিলেন। তাঁকে এক দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিবৃতি দিয়ে জানাল রাজভবন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
-নিজস্ব চিত্র।
  • শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ০১:২৭

আপাতত সুস্থ আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আজ, সোমবার রাজভবনের তরফে এমনই জানানো হল। শুধু তা-ই নয়, রাজ্যপালের কী হয়েছিল, তা-ও রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।? 

এ দিন রাজভবনের তরফে জানানো হয়, কয়েক দিন ঘোরাঘুরি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই কারণে রাজ্যপালের কাঁধে হালকা ব্যথা হয়েছিল। সেই কারণে নিয়মিত পরীক্ষানিরীক্ষার (রুটিন চেকআপ) জন্য তাঁকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বর্তমানে তাঁর ব্যথা কমে গিয়েছে। তবে চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, এক দিন রাজ্যপালকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।? 

আজ, সোমবার সকালেই শারীরিক অসুস্থতা অনুভব করেন রাজ্যপাল। তার পরই চিকিৎসক এসে তাঁর শারীরিক পরীক্ষা করেন। চিকিৎসকের পরামর্শেই রাজ্যপালকে কলকাতায় কমান্ড হাসপাতালে ভর্তি করানো হয়। জানা গিয়েছে, হাসপাতালে চিকিৎসকেরা রাজ্যপালের নানা রকম শারীরিক পরীক্ষা করেছেন। যদিও প্রথমে অনেকেই দাবি করেছিলেন, চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্যপালের একাধিক ‘হার্ট ব্লকেজ’-এর কথা জানতে পারেন। এমনকি তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করাও হতে পারে। তবে বিকেলে রাজভবন সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। তাঁরা জানায়, বুকে নয়, কাঁধে সামান্য ব্যথা অনুভব করেছিলেন রাজ্যপাল। তবে তিনি এখন সুস্থই আছেন।? 

এ দিন শালবনিতে যাওয়ার আগে কমান্ড হাসপাতালে রাজ্যপালকে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপালকে দেখতে এসেছিলাম। ওঁকে হঠাৎ করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শরীরটা খারাপ। দেখে এলাম।’’ অন্য দিকে, রাজভবনের ওএসডির থেকে রাজ্যপালের খবরাখবর নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।? 

উল্লেখ্য, দিন দুয়েক আগেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল। সংশোধিত ওয়াকফ আইনকে কেন্দ্র করে জঙ্গিপুর পুলিশ জেলার বিস্তীর্ণ অংশে অশান্তি দানা বেঁধেছিল। তিন জনের মৃত্যুও হয়েছে। অশান্তি পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। শমসেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো উপদ্রুত এলাকাগুলি নিজে ঘুরে দেখেছিলেন রাজ্যপাল। দেখা করেছিলেন নিহতদের পরিবারের সঙ্গেও। এই ঘোরাঘুরির কারণেই রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানানো হল রাজভবনের তরফে।? 


Share