Deadly Altitude Trip

ছুটি কাটাতে গিয়ে মৃত্য! লাচুং–জিরো পয়েন্ট ভ্রমণের পর প্রাণ হারালেন কলকাতার ৪৭ বছরের পর্যটক

নর্থ সিকিম ভ্রমণই কাল হল কলকাতার এক পর্যটকের। লাচুংয়ে পৌঁছে হাই অল্টিটিউড সিকনেসে অসুস্থ হয়ে মৃত্যু ৪৭ বছরের মহিলার। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৪:২৬

সপরিবারে ঘুরতে গিয়েছিল নর্থ সিকিমে। কিন্তু ঘুরতে যাওয়াই কাল হয়ে দাঁড়াল। মৃত্যু হল কলকাতার এক মহিলা পর্যটকের। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, ৪৭ বছর বয়সি ওই মহিলা তাঁর পরিবারের সঙ্গে নর্থ সিকিমে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়েই হাই অল্টিটিউড সিকনেসের শিকার হয় মহিলা। তারপরেই মৃত্যু হয় তাঁর। তবে এখনও পর্যন্ত ওই মহিলার নাম জানা যায়নি।

সিকিমের পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, নিজের মেয়ে-সহ পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার নর্থ সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুংয়ে পৌঁছনোর পরে অসুস্থ বোধ করতে থাকেন ওই মহিলা। শ্বাসকষ্ট ভুগতে শুরু করেন তিনি। একাধিক বার বমিও করেন তিনি। শরীর খারাপ সত্ত্বেও পরিবারের লোকজনের নিষেধ না শুনে তিনি জিরো পয়েন্ট -সমেত একাধিক জায়গায় ঘুরতে যান।

ঘুরে হোটেলে ফিরে এসে বৃহস্পতিবার গভীর রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গুরুতর অসুস্থ অবস্থায় মহিলাকে লাচুংয়ের আর্মি ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের অনুমান, প্রায় ন'হাজার ৬০০ ফুট উচ্চতায় অবস্থিত লাচুংয়ে পৌঁছনোর পরেই হাই অল্টিটিউড সিকনেস শুরু হয় ওই মহিলার। তারপরে প্রায় দ্বিগুণ উচ্চতায় ১৫,৩০০ ফুটে অবস্থিত জিরো পয়েন্টে যাওয়াই কাল হয়ে দাঁড়ায়।

এই মৃত্যুর পরেই স্থানীয় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

প্রসঙ্গত, হাই অল্টিটিউড সিকনেস হলো উচ্চ উচ্চতায় পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় সৃষ্ট একটি শারীরিক অবস্থা। যার ফলে মাথাব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, মাথা ঘোরা, শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। এটি প্রতিরোধে ধীরে ধীরে উচ্চতায় ওঠা, শরীরকে মানিয়ে নেওয়ার সময় দেওয়া, পর্যাপ্ত জল পান এবং অ্যালকোহল এড়িয়ে চলা জরুরি, আর গুরুতর ক্ষেত্রে অবিলম্বে নিচে নেমে আসা বা চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে, কোনও কোনও ক্ষেত্রে অবস্থা মারাত্মক হলে মৃত্যু পর্যন্ত হতে পারে।


Share