Job Scam

পুরনিয়োগ দুর্নীতি মামলায় আদালতে চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই, অভিযুক্ত এক সরকারি আমলা, নাম নেই প্রভাবশালীদের

সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিংহের এজলাসে স্থানান্তর করা হয়। ১২ মে বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৫:০২

পুরনিয়োগে দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এক সরকারি আমলাকে। আটটি পুরসভায় মোট ৬০০টির বেশি বেআইনি চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, চার্জশিটে কোনও প্রভাবশালী ব্যক্তির নাম নেই।

শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পুরনিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় নামে এক আইএএস অফিসারের। দুর্নীতির সময় তিনি ডিএলবি বিভাগের ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি হুগলির রিভার ব্রিজ কমিশনের সচিব পদে কর্মরত রয়েছেন। আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ছাড়া অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজন প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর।

আদালতে সিবিআইয়ের দাবি, উত্তর ও দক্ষিণ দমদম, কামারহাটি, বরাহনগরে-সহ মোট আটটি পুরসভায় দুর্নীতি হয়েছে। সেখানে প্রায় ৬০০ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক প্রভাবশালীগের বাড়ি এবং অফিসে যায় সিবিআইয়ের তদন্তকারীরা। তবে চূড়ান্ত চার্জশিটে তাদের নাম নেই বলেই সূত্রের খবর।

গত ২০২৩ সালের ২১ এপ্রিল কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রয়োজনে এফআইআর দায়ের করে তদন্ত করতে পারবে সিবিআই।  কলকাতা হাই কোর্টের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন জানানো হয়। অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে ওই মামলা হাইকোর্টে ফেরত পাঠায়।

সর্বোচ্চ আদালতের নির্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এই মামলা বিচারপতি অমৃতা সিংহের এজলাসে স্থানান্তর করা হয়। ১২ মে বিচারপতি অমৃতা সিংহ জানিয়ে দেন, পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

মজদুর, কেরানি, পিয়ন, সহকারী থেকে শুরু করে গাড়িচালক- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ ওঠে। ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুরসভায় কীভাবে নিয়োগ হয়েছে, কত জনকে নিয়োগ করা হয়েছে, নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে, কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল, কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন, তদন্তে নেমে সবই খোঁজার চেষ্টা করেন সিবিআই আধিকারিকেরা। এর পরেই রাজ্যজুড়ে বিভিন্ন পুরসভায় তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।


Share