Weather Update

দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, এ রাজ্যে তাপমাত্রার পরিবর্তন হবে কি? তীব্র গরমে পুড়তে চলেছে রাজ্য

সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৩

দীর্ঘ শীতের পর এই বার আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আর সেই ঘূর্ণবর্তের রয়েছে নিম্নচাপের পরিণত হওয়ার সম্ভাবনা। তবে পূর্বাভাস বলছে, সরাসরি এই ঘূর্ণাবর্তের কোনও প্রভাব এ রাজ্যে নেই। আপাতত তাপমাত্রায়ও বড়সড় পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের হালকা আমেজ থাকবে। দিনে শীতের অনুভূতি কমবে।

সপ্তাহের শেষদিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দিনের বেলায় শীত কার্যত উধাও হবে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়া না থাকলে ও শুষ্ক হাওয়া থাকবে। দক্ষিণা বাতাসের দাপট এখনই বাড়ছে না।

আজও কলকাতায় ১৬ ডিগ্রিতেই পারদ। তবে বেলা বাড়তেই তাপমাত্রায়ও। সপ্তাহের মাঝামাঝি কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা।

উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা। মালদহ ও সংলগ্ন জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা। সোমবার ও আগামিকাল মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে।

দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গেও হালকা কুয়াশার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।

কলকাতায় মূলত পরিস্কার আকাশ থাকবে। খুব সকালে হালকা শিশির ও কুয়াশার সম্ভাবনা আছে। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রার সামান্য ওঠানামা। বড়সড় পরিবর্তন নেই তাপমাত্রায়।

কলকাতার সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।


Share