Mortar Shell Recovery

দামোদরের বুকে মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মর্টার শেল! নিরাপত্তায় এলাকা ঘুরল পুলিশ, খবর গেল সেনাবাহিনীতেও

বাঁকুড়ার সোনামুখীতে দামোদর নদীর চরে মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার হল একটি পুরনো মর্টার শেল। প্রাথমিক অনুমান, শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে সোনামুখী থানার পুলিশ।

উদ্ধার মর্টার শেল
নিজস্ব সংবাদদাতা, সোনামুখী
  • শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৪:১৬

বাঁকুড়ার সোনামুখীতে দামোদর নদে চাঞ্চল্য। নদীর চরে মাটিতে পোঁতা অবস্থায় উদ্ধার হল একটি পুরনো মর্টার শেল। প্রাথমিক ভাবে বিশেষজ্ঞদের অনুমান, ওই শেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হতে পারে। খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ শেলটিকে ঘিরে রেখেছে। নিরাপত্তার কারণে এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। সেনাবাহিনীকেও খবর দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ধাতব বস্তুতি দামোদরের চরে কয়েক জনের নজরে আসে। সেটি মাটির কিছুটা ভিতরে গেঁথে ছিল। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। পরে সোনামুখী থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে ফেলে। যাতে শেলটি কেউ স্পর্শ না করেন সে বিষয়ে সতর্ক করে। এরপর সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়।

বাঁকুড়ায় এর আগেও নদীর চর থেকে মর্টার শেল উদ্ধারের ঘটনা ঘটেছে। সেগুলিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে অনুমান করা হয়েছে। দ্বারকেশ্বর ও দামোদর নদ থেকেও অতীতে এমন বিস্ফোরক উদ্ধার হয়েছে। কয়েক মাস আগে সোনামুখী থানার ডিহিপাড়া এলাকা থেকে একসঙ্গে তিনটি মর্টার শেল উদ্ধার হয়েছিল। পরে সেনাবাহিনীর বিশেষ দল ঘটনাস্থলে গিয়ে সেগুলি নিষ্ক্রিয় করে।

এ বার সেই সোনামুখী এলাকাতেই আরও একটি মর্টার শেল উদ্ধারের ঘটনায় পুরনো ইতিহাস সামনে এসেছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের এনসিসি-র দায়িত্বে থাকা অধ্যাপক অরুণাভ বন্দ্যোপাধ্যায়ের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পিয়ারডোবা সংলগ্ন এলাকায় ব্রিটিশ ও মার্কিন বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল। কৌশলগত অবস্থানের কারণে ওই ঘাঁটি থেকে জাপান-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় হামলা চালানো হত। তাঁর বক্তব্য, সেই সময় মজুত থাকা কিছু অস্ত্রশস্ত্র পরবর্তী সময়ে মাটি বা বালির নীচে চাপা পড়ে থাকতে পারে। বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এই ধরনের মর্টার শেল সেই সময়কার সামরিক কর্মকাণ্ডেরই নিদর্শন বলে মনে করা হচ্ছে।


Share