Road Accident

শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা, বাঁকুড়ায় যাত্রীবোঝাই ছোট ট্রাক উল্টে আহত অন্তত ২৩ জন

শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রানিগঞ্জ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ২৩ জন গুরুতর আহত হন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৯:৪৬

শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনার মুখে পড়লেন একদল যাত্রী। সোমবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত রানিগঞ্জ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবোঝাই একটি ট্রাক উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ২৩ জন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি বাঁকুড়ার রাধাকৃষ্ণপুর থেকে দুর্লভপুরের উদ্দেশে রওনা দিয়েছিল। রানিগঞ্জ এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে পৌঁছোনোর পর হঠাৎই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপরই রাস্তার উপর ট্রাকটি উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ট্রাকের ভিতরে আটকে পড়া যাত্রীদের একে একে বাইরে বের করে আনা হয়। পরে খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে যোগ দেয়।

পুলিশের সহযোগিতায় আহতদের দ্রুত বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।


Share