Attempted to Murder

স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা, পরে নিজের আত্মহত্যার চেষ্টা, রক্তাক্ত অবস্থায় স্কুটার চালিয়ে হাসপাতালে উপস্থিত স্বামী

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত পূজাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দু’জনেরই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর
  • শেষ আপডেট: ১৮ জুন ২০২৬ ১১:৫৬

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা স্বামীর। পরে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন অভিযুক্ত। বুধবার সকালে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবন ঘটনাটি ঘটেছে। পারিবারিক অশান্তির জেরেই এই বিপত্তি। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে স্বামী। তারপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। পরে রক্তাক্ত অবস্থাতেই স্কুটার চালিয়ে তিনি হাসপাতালে পৌঁছোন। জানা গিয়েছে, অভিযুক্ত একজন পরিযায়ী শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার বাসিন্দা অভিজিৎ পাল। তার সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় পূজা মাঝির। তিনি হুগলির মায়াপুরের বাসিন্দা। প্রায় তিন মাস আগে তাঁরা বিষ্ণুপুরের কুড়চিবন এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। অভিজিৎ বেঙ্গালুরুতে একটি সোনার দোকানে কারিগরের কাজ করতেন। পূজা বিষ্ণুপুরের ওই ভাড়া বাড়িতেই থাকতেন।

প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। গত ১৫ জুন বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে ফের বচসা বাধে। সেই সময় অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তাঁকে ভর্তি করে। চিকিৎসার পর সুস্থ হয়ে মঙ্গলবার তিনি বাড়িতে ফেরেন।

তবে বাড়ি ফেরার পরও অশান্তি থামেনি। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাত থেকেই দু’জনের মধ্যে আবার ঝগড়া শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে বাড়ির মালিক তাঁদের বুধবারের মধ্যে ভাড়া বাড়ি খালি করে দেওয়ার নির্দেশ দেন।

বুধবার সকালে ফের বচসা শুরু হয়। অভিজিৎ ক্ষিপ্ত হয়ে একটি ছুরি নিয়ে স্ত্রী পূজার উপর হামলা চালান। এলোপাথাড়ি কোপে পূজা গুরুতর জখম হন। এরপর অভিজিৎ নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেখানেই থেমে না থেকে রক্তাক্ত অবস্থায় স্কুটার চালিয়ে তিনি নিজেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত পূজাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করে। বর্তমানে দু’জনেরই চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ভাড়া বাড়ির মালিক অরুণ সরকার জানান, প্রায় প্রতিদিনই ওই দম্পতির মধ্যে অশান্তি হত। পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় তাঁদের বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছিল। বুধবার সকালে তিনি স্টেশনে থাকাকালীন এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন।


Share