Elephant Attack

জয়পুরের রাউৎখন্ডে লোকালয়ে হাতির তাণ্ডব, শুঁড়ে দিয়ে আছাড়, মৃত্যু এক ব্যক্তির

বন দফতর হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নিয়েছে। সেই সঙ্গে এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৩:৩৬

সকালের শান্ত পরিবেশ মুহূর্তে আতঙ্কে পরিণত হল ।জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রামে। জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক হাতির তাণ্ডবে প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম বিজয় কোলে (৫৬)। জয়পুর ব্লকের রাউৎখন্ড গ্রামে ঘটনাটি ঘটেছে। এই একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। জানা গিয়েছে, মৃত ও আহত সকলেরই বাড়ি রাউৎখন্ড গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে বিজয়বাবু কয়েকজনের সঙ্গে মাঠে আলু তুলতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি দলছুট হাতি গ্রামে ঢুকে পড়ে। প্রথমে রাস্তার মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তবে অল্প সময়ের মধ্যেই সেটি অস্থির আচরণ শুরু করে। হঠাৎ চিৎকার-চেঁচামেচি ও দৌড়ঝাঁপ শুরু হওয়ায় পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কথায়, সেই হুড়োহুড়ির মধ্যেই বিজয়বাবু হাতিটির সামনে পড়ে যান। অভিযোগ, ক্ষিপ্ত হাতিটি তাঁকে শুঁড়ে জড়িয়ে নেয়। তারপর তুলে মাটিতে সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হাতির তাণ্ডবে রাস্তায় রাখা সাইকেল ও সবজির ঝুড়ি ছিটকে যায়। আতঙ্কে আশপাশের দোকানদারেরা তড়িঘড়ি শাটার নামিয়ে দেন।

আহত তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে বন দফতরের আধিকারিকরা ও স্থানীয় পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছোন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। জয়পুর রেঞ্জের রেঞ্জার রাজু দাস জানান, হাতিটি সম্ভবত দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। তিনি বলেন, “জনবসতিতে ঢুকে পড়ায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক তৈরি হয়। অনেক সময় কেউ উত্ত্যক্ত করলে বন্যপ্রাণী আক্রমণাত্মক হয়ে ওঠে। হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।” হঠাৎ ভোরবেলায় এই ঘটনায় রাউৎখন্ড গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কয়েক মিনিটের তাণ্ডবেই থমকে যায় স্বাভাবিক জনজীবন।


Share