Farmer Death

খেতের ফসল পাহারা দিতে গিয়ে বিপত্তি, হাতির আক্রমণে প্রাণ হারালেন বিষ্ণুপুরের কৃষক

খেতের ফসল পাহারা দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু এক কৃষকের। শুক্রবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা এলাকায় হাতির আক্রমণে প্রাণ হারান রামপদ হেমব্রম। মৃতের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি উঠেছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০২:১৭

মেদিনীপুরের পর এ বার বাঁকুড়ায় হাতির কবলে মৃত্যু এক কৃষকের। খেতের ফসল রক্ষা করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হয় কৃষকের। শুক্রবার রাতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার কুড়চিডাঙ্গা এলাকার আলুর জমিতে হাতির হানা দিয়েছিল। সেখানেই ফসল রক্ষা করতে এক কৃষক প্রাণ হারালেন। মৃতের নাম রামপদ হেমব্রম (৪০)। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ২৩টি হাতির একটি পাল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। তাই হাতির আক্রমণে আলুর খেতের বড়সড় ক্ষতি হতে পারে বলে গ্রামবাসীদের আশঙ্কা তৈরি হয়। ফলত ফসল বাঁচাতে শুক্রবার সন্ধ্যে থেকেই গ্রামবাসীরা ফসল পাহারায় ছিলেন। তাঁদের সঙ্গেই ফসল পাহারা দিচ্ছিলেন রামপদ হেমব্রম। এর পর হাতির দল খেতে ঢুকে পড়তেই অন্যদের সঙ্গে তিনিও হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন। সেই সময়ই রামপদ আচমকা একটি হাতির সামনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতিটি শুঁড় পেঁচিয়ে তাঁকে মাটিতে আছাড় মারে।ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়ে দ্রুত বন দপ্তরের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর মৃত কৃষকের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরকারি ক্ষতিপূরণ ও সব সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাতির তাণ্ডপে দু'জনের মৃত্যু হয়েছিল।


Share