Weather Update

রাজ্য জুড়ে দফায় দফায় বৃষ্টি, বইবে দমকা হাওয়া, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ ও কমলা সতর্কতা, উপকূলে জারি লাল সর্তকতা

বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বেড়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা। উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১০:৪৯

সপ্তাহের প্রথম কর্মদিবসেই মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি। সকাল থেকেই বইছে দমকা হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আবহাওয়ার এমনই চিত্র দেখা যাচ্ছে। কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও আবার অল্প সময়ের জন্য মুষলধারে বর্ষণ। সোমবার সকাল থেকেই এমন আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। যা শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।সেটি ধীরে ধীরে ওডিশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ছে।

সোমবার কলকাতার আকাশ সারাদিন মূলত মেঘলা থাকবে। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। উল্লেখ্য, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল সাড়ে ৬টা থেকে সোমবার একই সময়ের মধ্যে শহরে ১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া ও পুরুলিয়ায় হলুদ সতর্কতা রয়েছে। রাজ্যের অন্যান্য জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে গভীর নিম্নচাপটি আরও স্থলভাগের দিকে এগিয়ে এসে পশ্চিমবঙ্গের ক্যানিং এবং ওডিশার চাঁদাবালির মধ্যবর্তী উপকূল দিয়ে প্রবেশ করতে পারে। বর্তমানে এটি ঘণ্টায় প্রায় পাঁচ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগর উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার এবং দিঘা থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। ক্যানিংয়ের দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এর দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। এছাড়া বালেশ্বর থেকে প্রায় ১৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং চাঁদাবালি থেকে প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ।

এর প্রভাবে সোম ও মঙ্গলবার উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোমবার হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। মঙ্গলবার তা কিছুটা কমে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার, সর্বোচ্চ ৫৫ কিলোমিটার হতে পারে।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতি সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে। সেই কারণে সংশ্লিষ্ট জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।

অন্য দিকে, সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। কারণ, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া ও প্রতিকূল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে।


Share