Weather Update

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রপাত থেকে সতর্ক থাকার পরামর্শ আবহাওয়া দফতরের

দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে আরও কমবে বৃষ্টির সম্ভাবনা। অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২

শরৎকাল দোরগোড়ায়। ইতি কি ঘটল বর্ষার! দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। আগামী চার-পাঁচ দিন ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অন্য দিকে, উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়ার এই পরিস্থিতির পিছনে রয়েছে দক্ষিণ ছত্তীসগঢ়র ওপর অবস্থান করা নিম্নচাপ। পাশাপাশি, মৌসুমী অক্ষরেখা রাজস্থানের জয়সলমীর থেকে ওড়িশার গোপালপুরের উপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

কলকাতাতেও আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। সোমবার থেকে শহরে বৃষ্টির সম্ভাবনা কমবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে ৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


Share