Weather Update

দক্ষিণবঙ্গে শীতের বিদায়পর্ব শুরু, উত্তরবঙ্গে শীতের কামড় অব্যাহত

আগামী দু'ই থেকে তিনদিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পূর্বাভাস রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একাধিক রাজ্যে বৃষ্টিপাত ও তুষারপাত চলছে। এ রাজ্যেও সেই প্রভাব বিস্তার করতে পারে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার সতর্কতা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১১:৫১

কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। তবে, সেই শীত আর লাগছে কই। মাঘ মাসেই শীত বিদায়ের প্রস্তুতি এখন তুঙ্গে। ভোর ও রাতের দিকে হালকা শিরশিরানি থাকলেও বেলা বাড়তে তা উধাও। প্রচন্ড রোদের তেজে বোঝাই দায় যে এটি শীতকাল। আগামী দু'ই থেকে তিনদিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা পূর্বাভাস রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

দেশের উত্তর-পশ্চিম প্রান্তে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ওই ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের পর্ব চলছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এ রাজ্য পার্বত্য অঞ্চলে পড়তে চলেছে। আগামী তিন থেকে চার দিন দার্জিলিং-এর কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ জানুয়ারি নাগাদ নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

হাওয়া অফিস সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ অন্য জেলাগুলোয় সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা খুব বেশি। এ রাজ্যে নতুন করে যে আর ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনাই নেই, সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আবহবিদরা। 

উত্তরবঙ্গে, শীতের কামড় এখনও বেশি। মঙ্গলবার সন্ধেয় হাওয়া অফিস যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে দেখা গিয়েছে পার্বত্য দার্জিলিং (৫.৪) বাদ দিলে বাংলার কোনও জায়গাতেই রাতের তাপমাত্রা সিঙ্গল ডিজিটে নামেনি। অবশ্য রাজ্যের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কয়েক দিন আগে থেকেই সিঙ্গল ডিজিটের ঘর পেরিয়ে ডবল ডিজিটে গিয়ে ঠেকেছিল।


Share