Weather Update

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে কালবৈশাখীর দাপট, পূর্বাভাস আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের একাধিক জেলায় অতিভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গেও ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে। কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১০:৪৫

রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনের ঝড়বৃষ্টির প্রবণতা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে প্রবেশ করেছে। নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের সম্পূর্ণ এলাকা এবং অরুণাচল প্রদেশ, আসাম ও ত্রিপুরার কিছু অংশে বর্ষা পৌঁছে গিয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তীসগঢ় ও ওড়িশায় মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।

সোমবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে। বুধবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। তবে তারই মধ্যে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। তবে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি আরও জোরদার হতে পারে। বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতাতেও বুধবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এ দিকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলবর্তী সমুদ্র এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।


Share