Weather Update

আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন! উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে কালবৈশাখীর দাপট

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০১:০২

রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও সপ্তাহজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর প্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াগত কারণের প্রভাবে রাজ্যজুড়ে প্রাক-বর্ষার বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

মৌসুমী বায়ু উত্তরবঙ্গের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী দু’দিনের মধ্যে উত্তরবঙ্গ, সিকিম এবং প্রতিবেশী ওড়িশায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্য দিকে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ঝড়-বৃষ্টির ব্যাপকতা আরও বাড়তে পারে। পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলবে। ফলে তাপমাত্রা কিছুটা কমলেও বজ্রপাত ও দমকা হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Share