Weather Update

কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ আগস্ট ২০২৬ ১২:১৮

আজ অগাস্ট মাসের প্রথম রবিবার। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় আবহাওয়ার খামখেয়ালি রূপ দেখা যাচ্ছে। কোথাও রোদের ঝলক। আবার কোথাও ঘন মেঘে আকাশ ঢেকেছে ।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা কম। তবে দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। ফলে পাহাড় ও সমতলের একাধিক এলাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।


Share