Weather Update

শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। কলকাতাতে শুক্রবার মেঘলা আকাশ। পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা চলবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্র ও শনিবার ৷

সকাল থেকেই মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১০:৩৮

শুক্র ও শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকেই তার আভাস পাওয়া যাচ্ছে। সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। রবিবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷

দক্ষিণবঙ্গে, শুক্রবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার কালবৈশাখী-সহ দুর্যোগের পরিস্থিতি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি ও হাওড়া জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

শনিবার কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে দুর্যোগের সম্ভাবনা বেশি। ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো বাতাস ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে। উইকেন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা এবং দুর্যোগ বেশি থাকবে। শনিবার ঝড়বৃষ্টিতে কালবৈশাখীর পরিস্থিতি। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ ৭০ থেকে ১১০ মিমি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। এর মধ্যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা। ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা জোরালো হবে।

কলকাতায় শুক্র ও শনিবার মেঘলা আকাশ থাকবে। বিকেল বা সন্ধ্যায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। কিছুক্ষণের জন্য দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা বাতাস ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। কলকাতাতে শুক্রবার মেঘলা আকাশ। পরে আংশিকভাবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির সম্ভাবনা চলবে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্র ও শনিবার ৷

কলকাতায় আজ, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৪ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ৷


Share