Weather Update

আগামী তিন দিনের মধ্যে রাজ্যের সব অংশে প্রবেশ করবে বর্ষা, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। অন্য দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১১:৫২

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় প্রবেশ করেছে। বাদ রয়েছে পুরুলিয়ার কিছু অংশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই পুরুলিয়ার বাকি অংশের পাশাপাশি ঝাড়খণ্ড, ওড়িশা ও বিহারের অবশিষ্ট এলাকাতেও বর্ষা পৌঁছে যাবে।

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি— এই পাঁচ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়াও, দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী চার থেকে পাঁচ দিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

অন্য দিকে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এ সব এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও প্রতিদিন বৃষ্টি হবে এমন নয়, তবে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে কোথাও কোথাও ঝড়বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬১ থেকে ৯৪ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।


Share